দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ‘বিথাম্ব’ এক নজিরবিহীন কারিগরি ত্রুটির কবলে পড়েছে। একটি প্রচারণামূলক পুরস্কার (প্রমোশনাল রিওয়ার্ড) বিতরণ করতে গিয়ে প্রতিষ্ঠানটি অসাবধানতাবশত তাদের গ্রাহকদের মধ্যে প্রায় ৪০ বিলিয়ন বা ৪ হাজার কোটি ডলারেরও বেশি মূল্যের বিটকয়েন বণ্টন করে ফেলেছে। গত শনিবার বিথাম্ব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, গত শুক্রবার একটি নির্দিষ্ট ক্যাম্পেইনের আওতায় গ্রাহকদের পুরস্কার দেওয়ার সময় এই বিপত্তি ঘটে। ভুলবশত বিতরণ করা বিটকয়েনের পরিমাণ ছিল প্রায় ৬ লাখ ২০ হাজার, বর্তমান বাজারদরে যার আনুমানিক মূল্য ৪৪ বিলিয়ন মার্কিন ডলার। এই ঘটনার পরপরই এক্সচেঞ্জটির স্বাভাবিক লেনদেন প্রক্রিয়ার ওপর ব্যাপক চাপ তৈরি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নিতে হয় কর্তৃপক্ষকে।
তবে দ্রুত ব্যবস্থা গ্রহণের ফলে বড় ধরনের আর্থিক বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে বিথাম্ব। কর্তৃপক্ষ জানিয়েছে, ভুল বিতরণের বিষয়টি নজরে আসার মাত্র ৩৫ মিনিটের মধ্যেই ৬৯৫ জন গ্রাহকের ট্রেডিং এবং অর্থ উত্তোলন প্রক্রিয়া সাময়িকভাবে সীমিত করা হয়। এর ফলে বিতরণ করা বিটকয়েনের প্রায় ৯৯ দশমিক ৭ শতাংশই সফলভাবে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।
বিথাম্ব সংশ্লিষ্টরা বলছেন, কারিগরি ত্রুটির কারণে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলেও দ্রুততম সময়ের মধ্যে তা সামাল দেওয়া হয়েছে। গ্রাহকদের নিরাপত্তা ও প্রতিষ্ঠানের স্বচ্ছতা বজায় রাখতে বর্তমানে এক্সচেঞ্জটির কারিগরি ব্যবস্থা আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়েও সতর্ক অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি।
রিপোর্টারের নাম 
























