আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে এক উৎসবমুখর পরিবেশ পরিলক্ষিত হচ্ছে। এই উদ্দীপনায় পিছিয়ে নেই দেশের নারী সমাজও। তারা পুরুষের পাশাপাশি সক্রিয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং তাদের এই অংশগ্রহণকে জনগণ সাদরে গ্রহণ করছে। তবে, এই অংশগ্রহণ কেবল ভোট প্রদানের মধ্যে সীমাবদ্ধ না রেখে নীতি নির্ধারণী পর্যায় পর্যন্ত বিস্তৃত হওয়া উচিত বলে অনেকেই মনে করছেন।
গণতন্ত্রের পূর্ণাঙ্গ বিকাশের জন্য সমাজের সকল স্তরের এবং লিঙ্গের সমান প্রতিনিধিত্ব অপরিহার্য। বাংলাদেশের প্রেক্ষাপটে, নারীরা ভোটাধিকার পেলেও নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের অংশগ্রহণ এখনো সীমিত। নির্বাচন নারীদের জন্য কেবল ভোট দেওয়ার সুযোগ নয়, বরং এটি নেতৃত্ব বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। নারী নেতৃত্ব মানে শুধু নারীর উপস্থিতি নয়, বরং তা মানবিক, অন্তর্ভুক্তিমূলক এবং সংবেদনশীল রাষ্ট্রনীতি প্রণয়নের প্রতিশ্রুতি বহন করে। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং মানবাধিকার রক্ষায় নারী নেতৃত্ব এক নতুন মাত্রা যোগ করতে পারে। তাই, আসন্ন নির্বাচনে নারী ভোটারদের মতামতকে গুরুত্ব দেওয়া, নারী প্রার্থীদের জন্য সমান সুযোগ তৈরি করা এবং নির্বাচনী পরিবেশকে নিরাপদ ও হয়রানিমুক্ত রাখা অত্যন্ত জরুরি। নারীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি টেকসই গণতন্ত্র ও উন্নত রাষ্ট্র গঠন সম্ভব নয়। গণতন্ত্রে নারীর অংশগ্রহণ কেবল অধিকারের মধ্যে সীমাবদ্ধ না থেকে তা যেন নেতৃত্বে, সিদ্ধান্তে এবং সামগ্রিক পরিবর্তনে রূপান্তরিত হয়, এমনটাই প্রত্যাশা।
অনেক নারী রাজনীতিতে আগ্রহী হলেও সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতা তাদের এগিয়ে আসার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই বাধাগুলো দূর করে নারীদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ করে দিলে সমাজে ইতিবাচক ও টেকসই পরিবর্তন আসবে। একটি স্বচ্ছ, অবাধ ও ন্যায়ভিত্তিক নির্বাচনই পারে দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং সকল নাগরিকের সমান উন্নয়ন নিশ্চিত করতে।
নির্বাচনে নারী ভোটারদের সংখ্যাধিক্য থাকা সত্ত্বেও রাষ্ট্রীয় নীতি প্রণয়ন, বাজেট বণ্টন এবং আইন প্রণয়নের ক্ষেত্রে নারীর বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজন উপেক্ষিত থেকে যায়, যা কাম্য নয়। পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীরা কেবল ক্ষমতার প্রশ্নেই নয়, নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা, কর্মক্ষেত্র এবং পারিবারিক সম্মান—সব ক্ষেত্রেই অবহেলার শিকার। একজন নারী হিসেবে, নির্বাচনে নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা, কুসংস্কারমুক্ত সমাজ এবং নারী-পুরুষের সমতা যেন বাস্তব অর্থেই কার্যকর হয়, এমনটাই প্রত্যাশা। কেবল ক্ষমতার হাতবদল নয়, বরং কার্যকর ও জবাবদিহিতামূলক শাসনই হওয়া উচিত মূল লক্ষ্য। নারীবান্ধব সমাজ গঠনে রাষ্ট্র ও সমাজের সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। ভবিষ্যৎ শাসনামলে নারীর অধিকার অক্ষুণ্ণ রেখে নারী-পুরুষের যৌথ প্রচেষ্টায় উন্নয়নশীল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হবে, এমন আশাই ব্যক্ত করছেন অনেকে।
নারীর ভোট কেবল সংখ্যা নয়, এটি নীতি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে পরিবর্তনের একটি শক্তিশালী হাতিয়ার। অনেক নারী এখনো ভোটকেন্দ্রে যেতে শঙ্কিত বোধ করেন নিরাপত্তাহীনতা, সামাজিক চাপ এবং অবহেলার কারণে। তবে, নারীরা এখন অনেক বেশি সচেতন এবং তারা প্রশ্ন তুলছেন—‘কারা আমাদের কথা বলবে, কারা আমাদের সত্যিকারের প্রতিনিধি হবে?’ কেবল ভোট প্রদান নয়, সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করাই আজকের মূল দাবি। একটি গণতান্ত্রিক নির্বাচন তখনই সার্থক হবে, যখন নারীরা ভয়মুক্ত পরিবেশে মত প্রকাশ করতে পারবে এবং তাদের ভোট রাষ্ট্রের নীতিনির্ধারণে বাস্তব প্রভাব ফেলবে।
নির্বাচনকে কেন্দ্র করে নারীরা এখন আরও বেশি সচেতন। তারা সঠিক প্রার্থী নির্বাচনে তাদের মতামতকে গুরুত্ব দিচ্ছে এবং প্রার্থীদের নারীর অধিকার, কল্যাণমূলক রাষ্ট্র গঠন ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার বিষয়ে জবাবদিহিতার মুখোমুখি করছে। বাংলাদেশের অগ্রগতিতে নারীর ভূমিকা অনস্বীকার্য। তাই, নারী ভোটারদের সর্বোচ্চ অংশগ্রহণ এবং সঠিক প্রার্থী বাছাইয়ের মাধ্যমে নারীরা তাদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে চায়। একই সাথে, একটি সহিংসতামুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করছে সকলে। নির্বাচন নিয়ে নারীদের এই ইতিবাচক মনোভাব দেশের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমনটাই বিশ্বাস সাধারণ মানুষের।
রিপোর্টারের নাম 





















