ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ অনিশ্চয়তার পর অবশেষে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নতুন ঠিকানা খুঁজে পেলেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। পিএসএলের বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে তাকে। বাঁহাতি এই কাটার মাস্টারের জন্য পারিশ্রমিক ধরা হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি।
বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এই চুক্তির বিষয়টি নিশ্চিত করে লাহোর কালান্দার্স। নিলামের আগেই মুস্তাফিজকে সরাসরি দলে নেওয়ায় ফ্র্যাঞ্চাইজিটি স্পষ্ট করে দিয়েছে, বিদেশি পেস আক্রমণে তাদের অন্যতম প্রধান ভরসা এই বাংলাদেশি তারকা।
কালান্দার্সের ফেসবুক পোস্টে মুস্তাফিজকে তাদের ‘বাংলাদেশি ভাই’ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, “আমাদের বাংলাদেশি ভাই মুস্তাফিজুর রহমান—যাকে আমরা ২০১৬ ও ২০১৮ সালে দলে নিয়েছিলাম—এবার সরাসরি চুক্তিতে আবার আমাদের পরিবারের অংশ। একবার কালান্দার, সবসময় কালান্দার।” এর আগে পিএসএলে দুইবার লাহোর কালান্দার্সে ডাক পেলেও একবারই মাঠে নামার সুযোগ হয়েছিল মুস্তাফিজের। ২০১৮ মৌসুমে পাঁচ ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন তিনি, ওভারপ্রতি রান দিয়েছিলেন মাত্র ৬.৪৩।
গত ৬ জানুয়ারি পিএসএলে মুস্তাফিজের খেলার বিষয়টি নিশ্চিত হলেও তখন কোন দলে তিনি খেলবেন, তা জানানো হয়নি। এর তিন দিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স তাকে ছেড়ে দিয়েছিল। আইপিএলে তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা। তবে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ঘিরে ভারতের রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
বর্তমানে পিএসএলের সবচেয়ে সফল দলগুলোর একটি হলো লাহোর কালান্দার্স। তারা সর্বোচ্চ তিনবার শিরোপা জিতেছে এবং বর্তমান চ্যাম্পিয়নও। গত আসরে এই দলের হয়েই বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন ৭ ম্যাচে ১৩ উইকেট শিকার করেছিলেন।
রিপোর্টারের নাম 























