জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করতে প্রতিবেশী ভারত আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বুধবার রাজধানীর মালিবাগে নির্বাচনি প্রচারণা ও গণসংযোগের সময় তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “আসন্ন নির্বাচন ঘিরে একটি প্রতিবেশী রাষ্ট্র সুদূরপ্রসারী ষড়যন্ত্র চালাচ্ছে। তাদের কূটনীতিকরা বিভিন্ন সময়ে এমন সব মন্তব্য করছেন, যা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।” তিনি আরও যোগ করেন, “এর আগেও ভারত আওয়ামী লীগের আগের বিতর্কিত নির্বাচনকে সমর্থন জুগিয়েছিল এবং এবারও তারা একই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত।”
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে নাহিদ ইসলাম তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। তিনি বলেন, “এম এ কাইয়ুম তার দ্বৈত নাগরিকত্বের বিষয়টি ধামাচাপা দিতে নানা মহলে অর্থ ব্যয় করছেন।” নাহিদ ইসলাম আরও দাবি করেন, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে সামগ্রিক নির্বাচনী পরিবেশকে কলুষিত করা হচ্ছে, যা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিপন্থী।
রিপোর্টারের নাম 






















