নতুন বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে আসছে উল্লেখযোগ্য পরিবর্তন। সর্বশেষ বোর্ডসভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, এবার চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা ২১ থেকে বেড়ে ২৭ জনে দাঁড়াবে। একই সঙ্গে গত কয়েক বছরের ‘এ প্লাস’ ক্যাটাগরি বাদ দিয়ে নতুন ফরম্যাটভিত্তিক চুক্তি বিন্যাস করা হচ্ছে।
বিসিবি জানিয়েছে, ক্রিকেটারদের পারফরম্যান্স এবং তিন ফরম্যাটে তাদের নিয়মিত অংশগ্রহণের ওপর ভিত্তি করে এবার চুক্তিতে একাধিক পরিবর্তন আনা হচ্ছে। এবার ‘এ’ ক্যাটাগরি থেকেই চুক্তির সূচনা হবে। তিন ফরম্যাটের অধিনায়কদের পাশাপাশি অভিজ্ঞ মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ এই ক্যাটাগরিতে স্থান পাবেন। এছাড়া সাদা বলের ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা শরিফুল ইসলাম, তানজিদ হাসান তামিম, মোস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিবও থাকবেন ‘এ’ ক্যাটাগরিতে।
বাকি ক্রিকেটারদের তাদের ফরম্যাটভিত্তিক পারফরম্যান্সের ভিত্তিতে ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হবে। বিসিবির নির্বাচক প্যানেল ইতোমধ্যে কেন্দ্রীয় চুক্তির খসড়া তালিকা চূড়ান্ত করেছে। এখন এটি ক্রিকেট অপারেশনস বিভাগের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আশা করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই বিসিবি আনুষ্ঠানিকভাবে এই চুক্তির বিস্তারিত প্রকাশ করবে।
নতুন কেন্দ্রীয় চুক্তিতে যারা অন্তর্ভুক্ত হতে পারেন, তাদের একটি সম্ভাব্য তালিকাও তৈরি হয়েছে। এই তালিকায় রয়েছেন: নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভির ইসলাম ও হাসান মুরাদ।
রিপোর্টারের নাম 






















