ইসলামের প্রথম খলিফা আবু বকর (রা.)-এর শাসনামল কেবল সামরিক বিজয় বা রাজ্য বিস্তারের জন্য নয়, বরং একটি সুসংহত ও স্বচ্ছ বিচারব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে আছে। মহানবী (সা.)-এর ইন্তেকালের পর যখন মুসলিম উম্মাহ এক কঠিন সময় পার করছিল, তখন আবু বকর (রা.) তাঁর প্রজ্ঞা ও দূরদর্শিতার মাধ্যমে রাষ্ট্রের অভ্যন্তরীণ সুশাসন ও ন্যায়বিচারের এক মজবুত কাঠামো দাঁড় করান। তাঁর শাসন দর্শনের মূলে ছিল জবাবদিহি এবং আইনের চোখে সবার সমান অধিকার।
দায়িত্ব গ্রহণের পরপরই মদিনার মসজিদে দেওয়া তাঁর ঐতিহাসিক ভাষণটি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতে এক অনন্য প্রশাসনিক নীতিমালা। সেখানে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছিলেন যে, শাসক হিসেবে তিনি জনগণের ঊর্ধ্বে নন। তাঁর সেই অমর উক্তি—‘আমি তোমাদের শাসক নিযুক্ত হয়েছি, কিন্তু আমি তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি নই’—রাষ্ট্রীয় ক্ষমতায় দৈব কর্তৃত্বের ধারণাকে ভেঙে দিয়ে এক মানবিক ও জবাবদিহিমূলক শাসনের সূচনা করে। তিনি জনগণকে শাসক তদারকির আইনি অধিকার প্রদান করেন এবং স্পষ্ট করেন যে, শাসক সত্য ও ন্যায়ের পথে থাকলে তাকে সহযোগিতা করা এবং ভুল করলে সংশোধন করে দেওয়া জনগণের দায়িত্ব।
আবু বকর (রা.)-এর বিচারিক দর্শনের প্রধান উৎস ছিল পবিত্র কোরআন ও সুন্নাহ। কোনো বিচারিক সংকট তৈরি হলে তিনি প্রথমে কোরআনের বিধান তালাশ করতেন। সেখানে সমাধান না মিললে রাসুল (সা.)-এর সুন্নাহ বা হাদিসের আশ্রয় নিতেন। দাদির উত্তরাধিকার সংক্রান্ত একটি মামলার রায় দেওয়ার ক্ষেত্রে তিনি যেভাবে সাহাবিদের সাক্ষ্যের ভিত্তিতে রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসরণ করেছিলেন, তা আজও ইসলামি আইনশাস্ত্রে এক ধ্রুপদি উদাহরণ হয়ে আছে। কোরআন ও সুন্নাহর পর তিনি বিশিষ্ট সাহাবিদের সঙ্গে পরামর্শের মাধ্যমে সর্বসম্মত সিদ্ধান্তে (ইজমা) পৌঁছাতেন, যা পরবর্তীকালে ফিকহ শাস্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ন্যায়বিচারের ক্ষেত্রে আবু বকর (রা.) ছিলেন আপসহীন। তাঁর কাছে শক্তিশালী ও দুর্বলের কোনো ভেদাভেদ ছিল না। তিনি ঘোষণা করেছিলেন, সমাজের বঞ্চিত ও দুর্বল মানুষটি তাঁর কাছে সবচেয়ে শক্তিশালী, যতক্ষণ না তিনি তার অধিকার আদায় করে দিচ্ছেন। অন্যদিকে, কোনো প্রভাবশালী ব্যক্তি যদি অন্যায় করত, তবে তাকে আইনের আওতায় আনতে তিনি বিন্দুমাত্র দ্বিধা করতেন না। আইনের শাসনের এই কঠোর প্রয়োগই তৎকালীন সমাজে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে এনেছিল।
বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতেও তিনি ছিলেন অত্যন্ত সজাগ। যদিও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের পূর্ণ রূপ পরবর্তীকালে পরিলক্ষিত হয়, তবে আবু বকর (রা.)-এর সময়েই এর ভিত্তি স্থাপিত হয়েছিল। তিনি বিভিন্ন প্রদেশে গভর্নর নিয়োগের পাশাপাশি বিচারিক কাজের জন্য অভিজ্ঞ সাহাবিদের দায়িত্ব দিতেন। বিচারকরা যাতে কোনো রাজনৈতিক বা প্রশাসনিক চাপের মুখে না পড়েন, সে বিষয়ে তাঁর কঠোর নির্দেশনা ছিল। এমনকি অমুসলিম নাগরিকদের (জিম্মি) অধিকার ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় তিনি ছিলেন বদ্ধপরিকর। নাজরানের খ্রিষ্টানদের সঙ্গে সম্পাদিত পূর্ববর্তী চুক্তি বহাল রেখে তিনি প্রমাণ করেছিলেন যে, ইসলামি বিচারব্যবস্থায় ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে শুধু প্রমাণের ভিত্তিতে ন্যায়বিচার নিশ্চিত করা হয়।
স্বচ্ছতা নিশ্চিত করতে আবু বকর (রা.) উন্মুক্ত আদালতে বিচারকার্য পরিচালনা করতেন। সাধারণত মসজিদে বা জনসমক্ষে বিচার সম্পন্ন হতো, যা বিচারিক প্রক্রিয়ায় জনগণের তদারকি নিশ্চিত করত। সাক্ষ্যগ্রহণের ক্ষেত্রে তিনি সাক্ষীর বিশ্বাসযোগ্যতা ও নিরপেক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন। প্রমাণের অভাবে অনেক ক্ষেত্রে মামলা খারিজ বা আপসের পথ বেছে নিতেন, যাতে কোনো নিরপরাধ ব্যক্তি দণ্ডিত না হয়।
সংক্ষেপে, আবু বকর (রা.)-এর প্রবর্তিত বিচারব্যবস্থা ছিল সত্য, আমানতদারি এবং ইনসাফের এক অপূর্ব সমন্বয়। তাঁর এই পদ্ধতিগত উৎকর্ষ ও প্রশাসনিক স্বচ্ছতা পরবর্তী খলিফাদের জন্য একটি আদর্শ মানদণ্ড হিসেবে কাজ করেছে, যা আজও বিশ্বজুড়ে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এক কালজয়ী অনুপ্রেরণা।
রিপোর্টারের নাম 





















