দীর্ঘ ১৪ বছরের বিরতি কাটিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট করাচির উদ্দেশ্যে যাত্রা করে। স্থানীয় সময় রাত ১১টায় করাচি বিমানবন্দরে পৌঁছালে ঐতিহ্যবাহী ‘ওয়াটার ক্যানন স্যালুট’-এর মাধ্যমে ফ্লাইটটিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। উদ্বোধনী ফ্লাইটে প্রায় ১৫০ জন যাত্রী ছিলেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪১ নম্বর ফ্লাইটটি রাত ৮টায় ঢাকা থেকে করাচির উদ্দেশ্যে উড়াল দেয়। এই সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে দুই দেশের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক জোরদারের একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন এক বিবৃতিতে জানিয়েছে, ১৪ বছর পর সরাসরি বিমান যোগাযোগ পুনঃস্থাপন দুই দেশের মধ্যে সংযোগ, যোগাযোগ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর ফলে ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং জনযোগাযোগ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এই উদ্যোগ দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে সাংস্কৃতিক ও অর্থনৈতিক আদান-প্রদানকেও উৎসাহিত করবে।
রিপোর্টারের নাম 























