শেরপুরের ঝিনাইগাতীতে একটি নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে সশস্ত্র হামলায় জামায়াতে ইসলামী-এর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান এবং ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন।
লেবার পার্টির দপ্তর সম্পাদক মো. মিরাজ খান স্বাক্ষরিত বিবৃতিতে নেতারা বলেন, সম্পূর্ণ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক একটি কর্মসূচিতে বিএনপি ও যুবদলের সশস্ত্র সন্ত্রাসীরা প্রতিহিংসাপরায়ণ হয়ে হামলা চালিয়েছে। এই হামলায় কেবল মাওলানা রেজাউল করিমের নৃশংস হত্যাকাণ্ডই ঘটেনি, বরং প্রার্থীসহ শতাধিক নেতাকর্মী, সাংবাদিক এবং সাধারণ মানুষ আহত হয়েছেন।
নেতৃবৃন্দ আরও বলেন, নির্বাচনকে প্রভাবিত করার জন্য যে সন্ত্রাস ও সহিংসতার আশ্রয় নেওয়া হচ্ছে, তা দেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই ধরনের বর্বরতা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ বলে তারা মন্তব্য করেন।
রিপোর্টারের নাম 
























