বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রযুক্তি খাতের সামগ্রিক উন্নয়নে নানাবিধ কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ডিজিটাল পাবলিক অবকাঠামোর পরিধি বিস্তৃত করার পাশাপাশি একটি শক্তিশালী ডেটা গভর্ন্যান্স কাঠামো গঠন এবং ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও সাইবার নিরাপত্তা নিশ্চিতে নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে।
বুধবার ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব তথ্য তুলে ধরেন। প্রধান উপদেষ্টা বিশ্বাস করেন, এই উদ্যোগগুলো দেশে একটি নিরাপদ, স্বচ্ছ এবং বিনিয়োগ-বান্ধব পরিবেশ তৈরি করছে, যা প্রযুক্তিনির্ভর শিল্পায়নকে ত্বরান্বিত করার পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের বিশ্বমঞ্চে যুক্ত হতে সহায়তা করছে।
আগামী ২৮ থেকে ৩০ জানুয়ারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড’। এই প্রসঙ্গে ড. ইউনূস বলেন, এই প্রতিপাদ্যটি বাংলাদেশকে প্রযুক্তির নিছক ব্যবহারকারী থেকে উৎপাদক এবং বৈশ্বিক উদ্ভাবক হিসেবে প্রতিষ্ঠিত করার দৃঢ় অঙ্গীকার প্রকাশ করে।
তিনি আরও উল্লেখ করেন যে, প্রযুক্তির মূল উদ্দেশ্য কেবল উৎপাদনশীলতা বাড়ানো নয়, বরং সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করা, বৈষম্য দূর করা এবং নতুন সম্ভাবনার পথ উন্মোচন করা। প্রধান উপদেষ্টা আয়োজিত এই এক্সপোর যাবতীয় কর্মসূচির সাফল্য কামনা করেন।
রিপোর্টারের নাম 






















