ঊনসত্তরের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের চেতনা ও মূল্যবোধকে ধারণ করে একটি প্রকৃত গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৪ জানুয়ারি) ‘ঊনসত্তরের গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেওয়া এক বিশেষ বাণীতে তিনি এই আহ্বান জানান। ড. ইউনূস উল্লেখ করেন, বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে ছয় দফা ও ১১ দফা আন্দোলনের পথ ধরেই ঊনসত্তরের গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল, যার চূড়ান্ত পরিণতি ছিল আমাদের মহান স্বাধীনতা অর্জন।
বাণীতে প্রধান উপদেষ্টা ১৯৬৯ সালের উত্তাল জানুয়ারি মাসের স্মৃতিচারণ করে বলেন, তৎকালীন স্বৈরাচারী শাসন ও দমন-পীড়নের বিরুদ্ধে সাধারণ মানুষ ও ছাত্রসমাজ একতাবদ্ধ হয়েছিল। ২৪ জানুয়ারি সেই আন্দোলন এক বিশাল গণবিস্ফোরণে রূপ নেয়। শাসকগোষ্ঠীর জারি করা সান্ধ্য আইন ভঙ্গ করে জনতা রাজপথে নেমে এলে পুলিশের গুলিতে শহীদ হন নবম শ্রেণির ছাত্র মতিউর রহমান মল্লিকসহ মকবুল, আনোয়ার, রুস্তম ও মিলন। তাঁদের এই অসামান্য আত্মত্যাগ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন, এমনকি সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানেও তরুণ প্রজন্মকে অদম্য সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে।
অধ্যাপক ইউনূস তাঁর বাণীতে গণঅভ্যুত্থানের সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বিশ্বাস করেন, ইতিহাসের এই গৌরবময় অধ্যায়গুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ন্যায়ের পথে চলার পাথেয় হয়ে থাকবে। একটি শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে ঊনসত্তরের চেতনা আজও সমানভাবে প্রাসঙ্গিক বলে তিনি অভিমত প্রকাশ করেন।
রিপোর্টারের নাম 



















