বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন দেশে আমরা কোনো প্রকার দুর্নীতিকে প্রশ্রয় দেব না। নিজেরা সৎ থাকব এবং অন্যকেও সৎ পথে চলতে উৎসাহিত করব। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে দিনাজপুর ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে জেলা ১০ দলীয় ঐক্যর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
নির্বাচনি প্রচারণার দ্বিতীয় দিনে ঢাকা থেকে পঞ্চগড় সফর শেষে ডা. শফিকুর রহমান দিনাজপুর বড়ময়দানের জনসভায় যোগ দেন। তিনি বলেন, আমরা জনগণকে সঙ্গে নিয়ে একটি জনবান্ধব বাংলাদেশ গড়তে চাই, যেখানে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকবে এবং জাতীয় সম্পদ বিদেশে পাচার হবে না। যারা দেশের টাকা চুরি করে বিদেশে বেগমপাড়া তৈরি করেছে, তাদের ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
দিনাজপুরের কৃষিভিত্তিক অর্থনীতির গুরুত্ব উল্লেখ করে জামায়াত আমির বলেন, দেশের খাদ্যশস্যের এক-তৃতীয়াংশ জোগান দেওয়া এই অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প স্থাপন করা হবে। আলু ও লিচুর মতো কৃষিপণ্যের জন্য আধুনিক সংরক্ষণাগার নির্মাণ করা হবে এবং দিনাজপুরকে একটি পূর্ণাঙ্গ সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।
নারীদের প্রতি সম্মান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, তারা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের জন্য গৃহে ও কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ তৈরি করা হবে। তিনি একটি মানবিক ও আলোকিত বাংলাদেশ গড়ার স্বপ্ন ব্যক্ত করেন, যেখানে অর্থের বিনিময়ে বিচার পাওয়ার কোনো সুযোগ থাকবে না।
অস্ত্রের ঝনঝনানি নয়, বরং মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, আমরা গণভোটের মাধ্যমে জনগণের রায়কে সম্মান জানাব।
তিনি পুনরায় উল্লেখ করেন যে, ক্ষমতায় এলে দিনাজপুরে আলু ও লিচুর জন্য অত্যাধুনিক সংরক্ষণাগার নির্মাণ করা হবে।
দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর ও সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হকের সঞ্চালনায় এই জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, এনসিপির মুখ্য সমন্বয়ক ও দিনাজপুর-৫ আসনের ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী ডা. আব্দুল আহাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ এবং বিভিন্ন আসনের জামায়াত ও জোটের প্রার্থীরা।
সমাবেশে ১০ দলীয় ঐক্যের নেতৃবৃন্দসহ দিনাজপুর জেলার ১৩টি উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















