নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই ঝোড়ো সফর করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। টানা ১৬ ঘণ্টা ধরে সিলেট থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত সাতটি বড় জনসভায় বক্তব্য প্রদান শেষে শুক্রবার ভোরে তিনি রাজধানীর গুলশানের বাসভবনে ফিরেছেন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এরপর পর্যায়ক্রমে সিলেট বিভাগ ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা ও উপজেলায় আয়োজিত জনসভায় অংশ নেন তারেক রহমান।
সফরের ধারাবাহিকতায় তিনি মৌলভীবাজারের শেরপুরের আইনপুর খেলার মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠ এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। এরপর কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম ও নরসিংদী পৌর এলাকায় আয়োজিত সমাবেশে অংশ নেন তিনি।
দিনের সবশেষ জনসভাটি অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকায়। সেখানে রাত সাড়ে ৪টার দিকে দিনের কর্মসূচি সমাপ্ত করেন তিনি। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ এই নির্বাচনী সফর শেষে শুক্রবার ভোরে তিনি গুলশানের বাসভবনে পৌঁছান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘ এই সফরের প্রতিটি গন্তব্যেই নেতা-কর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে গভীর রাত অবধি বিভিন্ন জেলা ও উপজেলা সদরে আয়োজিত সমাবেশগুলোতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই এমন সাড়াকে ইতিবাচক হিসেবে দেখছেন দলটির নীতিনির্ধারকরা।
রিপোর্টারের নাম 






















