আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত এক নির্বাচনি জনসভায় শরিক দলগুলোর প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে জেলার কট্টাপাড়া মাঠে আয়োজিত এই বিশাল জনসভায় তিনি নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
বক্তব্য প্রদানকালে তারেক রহমান যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর প্রার্থীদের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে বিএনপি সমর্থন দিয়েছে। এই দুই প্রার্থীই নিজ নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনি জনসভায় জোনায়েদ সাকির পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, রাজপথের কঠিন সময়ে তারা আমাদের পাশে থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন। তাই বাঞ্ছারামপুর আসনে জোনায়েদ সাকিকে ‘মাথাল’ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। একইভাবে তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীবের জন্য ‘খেজুর গাছ’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই তারেক রহমান দেশের বিভিন্ন স্থানে ঝটিকা সফর ও জনসভা করছেন। সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠের সমাবেশের মধ্য দিয়ে এই নির্বাচনি প্রচারণার সূচনা হয়। এরপর মৌলভীবাজার ও হবিগঞ্জে ধারাবাহিক জনসভা শেষে রাতে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় এসে পৌঁছান। সেখানে ধানের শীষের পাশাপাশি জোটের শরিকদের নিজস্ব প্রতীকের পক্ষে জনমত গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বিএনপি চেয়ারম্যান।
রিপোর্টারের নাম 






















