রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে চা শ্রমিক ও দিনমজুরদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ প্রবর্তন এবং ইমামদের জন্য বিশেষ সম্মানীর ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরস্থ আইনপুর মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। জেলা বিএনপি এই নির্বাচনি জনসভার আয়োজন করে।
জনসভায় তারেক রহমান বিগত সময়ে বিএনপির নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমুখী পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, অতীতে যখনই ধানের শীষের সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, তখনই দেশের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন ঘটেছে। বিশেষ করে নারী শিক্ষার প্রসারে তৎকালীন সরকার মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছিল এবং প্রান্তিক কৃষকদের ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে কৃষিবান্ধব নীতি গ্রহণ করেছিল।
দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপট টেনে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন এ দেশের প্রতিটি মানুষ নির্ভয়ে কথা বলতে পেরেছে এবং সরকারের গঠনমূলক সমালোচনা করার অধিকার ছিল। সেই সময়ে মানুষকে গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়নি। আজ অনেক ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চলছে।
দেশের সামগ্রিক উন্নয়নে নারী ও যুবসমাজের ভূমিকার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়া প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে সেই ধারা বজায় রাখার পাশাপাশি বেকার যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। এছাড়া চা শ্রমিকসহ সমাজের অবহেলিত ও শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
রিপোর্টারের নাম 






















