হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এক নির্বাচনী জনসভার মঞ্চেই মাগরিবের নামাজ আদায় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাতে উপজেলার শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এই সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মাগরিবের আজান হলে তিনি মঞ্চেই জামাতে নামাজ সম্পন্ন করেন।
সমাবেশে উপস্থিত ভোটারদের প্রতি তিনি এক বিশেষ আহ্বান জানান। তারেক রহমান বলেন, “ভোরের আলো ফোটার আগেই ভোটকেন্দ্রে যেতে হবে। ভোটের দিন তাহাজ্জুদ নামাজ পড়ে প্রস্তুতি নেবেন এবং ভোটকেন্দ্রের সামনে ফজরের নামাজ আদায় করে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন।” তিনি এ সময় আসন্ন নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেন।
জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, “এ দেশ জনগণের, কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। আপনাদের সামনে যে হাজার হাজার মানুষ বসে আছেন, তারাই এই দেশের মালিক। কিভাবে দেশ পরিচালিত হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের। নির্বাচনের মাধ্যমেই সেই সিদ্ধান্ত আপনাদের দিতে হবে।”
এর আগে, বৃহস্পতিবার দুপুর ১টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। সিলেট থেকে সড়কপথে তিনি মৌলভীবাজারের শেরপুরে একটি সমাবেশে বক্তব্য দেন। এরপর ভঙ্গুর সড়কপথ অতিক্রম করে সন্ধ্যায় শায়েস্তাগঞ্জে পৌঁছান। শায়েস্তাগঞ্জের সমাবেশ শেষে তার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আরেকটি নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
হবিগঞ্জের এই সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আখতার।
রিপোর্টারের নাম 





















