বিএনপি নির্বাচিত হলে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালিত হবে বলে অঙ্গীকার করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
তারেক রহমান বলেন, দেশের স্বার্থই তার রাজনীতির একমাত্র অগ্রাধিকার; অন্য কোনো দেশের নয়। তিনি জোর দিয়ে বলেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ।’ গত ১৫ বছরে হাজার হাজার গুম ও খুনের শিকার হওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, একটি নির্দিষ্ট দল ক্ষমতার অপব্যবহার করে অন্য একটি দেশের প্রতি আনুগত্য প্রদর্শন করেছে।
বিএনপির চেয়ারম্যান অভিযোগ করেন, গত ১৫ বছরে উন্নয়নের নামে দেশের কোটি কোটি টাকা লুটপাট হয়েছে। এর প্রমাণ হিসেবে তিনি ঢাকা থেকে সিলেটে আসতে যে সময় লাগে, লন্ডনে যেতেও এত সময় লাগে না বলে উল্লেখ করেন। দেশের বেকারত্ব নিরসনে যুবকদের জন্য দেশে বা বিদেশে কাজের ব্যবস্থা করে তাদের স্বাবলম্বী করার প্রতিশ্রুতি দেন তিনি।
একটি নির্দিষ্ট দলের নির্বাচনী অপপ্রচারের মোকাবিলায় তারেক রহমান মঞ্চে হজব্রত পালনকারী এ টি এম হেলাল নামের এক ব্যক্তিকে ডেকে পবিত্র কাবা শরিফের মালিক কে—এমন প্রশ্ন করেন। জবাবে ওই ব্যক্তি ‘আল্লাহ’ বলে উত্তর দেন। এরপর উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে তারেক রহমান প্রশ্ন করেন, পৃথিবী, সূর্য, নক্ষত্র, বেহেশত ও দোজখের মালিক কে? জবাবে সমবেত জনতা ‘আল্লাহ’ বলে সমস্বরে উচ্চারণ করেন। এর পরিপ্রেক্ষিতে তিনি বলেন, যার মালিক আল্লাহ, তা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। নির্বাচনের আগে কোনো দল যদি এমন কিছুর প্রতিশ্রুতি দেয়, যার মালিক মানুষ নয়, তবে তা শিরক করার শামিল। তিনি সতর্ক করে বলেন, যারা নির্বাচনের আগেই এমন প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ঠকাচ্ছে, তারা নির্বাচনের পর আরও বেশি ঠকাবে।
তারেক রহমান কুফরি, হঠকারিতা ও মিথ্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আওয়ামী লীগ সরকারের আমলের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গত ১৫ থেকে ১৬ বছর ধরে একের পর এক ব্যালট বাক্স ছিনতাই, আমি-ডামি নির্বাচন এবং নিশিরাতের নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের ও রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, বিগত ১৫-১৬ বছরে উন্নয়নের নামে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে।
রিপোর্টারের নাম 





















