বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে থানা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব ফোন হস্তান্তর করা হয়।
পল্টন মডেল থানা সূত্রে জানা গেছে, মোবাইল ফোন হারানোর পর ভুক্তভোগী মালিকদের করা বিভিন্ন সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে অভিযানে নামে পুলিশ। অত্যাধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় গত বছরের ১ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে এই ১০৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়। হারানো এসব ফোন উদ্ধারে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী এবং পল্টন মডেল থানার এএসআই ইকবাল হোসেন সক্রিয় ভূমিকা পালন করেন।
মঙ্গলবার পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে আয়োজিত মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ। এসময় সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবীসহ থানার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্ধারকৃত ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।
থানা পুলিশ জানায়, জননিরাপত্তা ও সেবামূলক কাজের অংশ হিসেবে হারানো মোবাইল উদ্ধারে তারা নিয়মিত কাজ করে যাচ্ছেন। এর আগেও বিগত এক বছরে পল্টন মডেল থানা পুলিশ প্রায় ৬০০টির বেশি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে।
হারিয়ে যাওয়া প্রিয় মোবাইল ফোনটি ফিরে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। দ্রুততম সময়ে পুলিশি সেবা ও ফোন উদ্ধারের এই তৎপরতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন তারা।
রিপোর্টারের নাম 















