বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্রাহ্মণবাড়িয়া সফরকে কেন্দ্র করে জেলায় উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক প্রস্তুতি চলছে। আগামী ২২ জানুয়ারি সিলেট সফর শেষে সড়কপথে ঢাকা ফেরার পথে সরাইল উপজেলার কুট্টাপাড়ায় এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।
শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির পক্ষ থেকে এই প্রস্তুতির বিস্তারিত তুলে ধরা হয়। সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির অর্থনীতিবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল জানান, দীর্ঘ প্রতীক্ষার পর তারেক রহমানের এই সফরকে ঘিরে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জনসভা সফল করতে ইতিমধ্যে সরাইলের কুট্টাপাড়ায় মঞ্চ নির্মাণ, আধুনিক শব্দব্যবস্থা স্থাপন এবং শৃঙ্খলারক্ষায় স্বেচ্ছাসেবক টিম গঠনসহ যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। জনসভায় বিপুল জনসমাগমের প্রত্যাশা ব্যক্ত করে নেতৃবৃন্দ বলেন, এই কর্মসূচি দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে নতুন প্রাণশক্তি সঞ্চার করবে।
ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তাদের প্রিয় নেতাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা আশা করছি, একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে এই জনসভা সফল হবে এবং রাজনৈতিক অঙ্গনে তা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।”
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সহসভাপতি এ বি এম মমিনুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম ও যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম চপলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, জনসভা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের সাথে সমন্বয় ও নিজস্ব ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিচ্ছে জেলা বিএনপি। সরাইলসহ জেলার প্রতিটি উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটবে বলে জেলা নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন।
রিপোর্টারের নাম 
























