কুমিল্লা–৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ দেশব্যাপী ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কৃষক, শ্রমিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি ‘হ্যাঁ’ ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বিগত ৫৪ বছরের শাসনামলে মানুষ কেবল আশ্বাসই পেয়েছে, বাস্তবতার মুখ দেখেনি। এই দুঃশাসনের অবসান ঘটিয়ে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।
রবিবার (১৮ জানুয়ারি) আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত কুমিল্লা-৬ আসনে দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার আমড়াতলি ইউনিয়নের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিময়কালে তিনি কৃষকদের জন্য সুদমুক্ত ঋণ, কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, কৃষকবান্ধব বাজারব্যবস্থা এবং উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “আমাদের লক্ষ্য হলো ঘুষ ছাড়া ছেলে-মেয়েদের চাকরি নিশ্চিত করা, যাতে তারা সার্টিফিকেট হাতে পেলেই চাকরির নিশ্চয়তা পায়।” তিনি জোর দিয়ে বলেন, জামায়াতের শাসনামলে তাদের দুই মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ ছিল না। তিনি অঙ্গীকার করেন, “আমরা দুর্নীতি করি না, করতেও দেব না।” ইউনিয়ন পর্যায়ে সরকারি ফি ছাড়া অতিরিক্ত অর্থ আদায় এবং ভূমি অফিসে দুর্নীতি বন্ধ করারও আশ্বাস দেন তিনি।
তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেমন সফল হয়েছে, তোমাদেরও সেইভাবে এগিয়ে যেতে হবে। আমরা সফল হবো ইনশাআল্লাহ।” তিনি আসন্ন জাতীয় নির্বাচনে দেশ ও জনগণের স্বার্থে ‘হ্যাঁ’ ভোট দিয়ে জামায়াত প্রার্থীকে নির্বাচিত করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
গণসংযোগকালে তিনি রসুলপুর, ভুবনগড় হয়ে জামবাড়ি পর্যন্ত কৃষক-শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।
তাঁর গণসংযোগে অংশ নেন ইউনিয়ন আমির ডা. সিরাজুল ইসলাম, পাঁচথুবী ইউনিয়ন আমির মাওলানা আব্দুল কাদের, ইসলামী ছাত্র শিবিরের মহানগরীর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, মো. শাহজাহান এবং শিবির নেতা নাজমুলসহ দলীয় নেতাকর্মীরা।
সন্ধ্যা ৬টায় নগরীর কান্দিরপাড় এলাকায় আয়োজিত গণসংযোগে অংশ নেন অঞ্চল সেক্রেটারি মাস্টার নুরে আলম বাবু, ১১ নং ওয়ার্ড আমির আশিকুল আমিন, ৮ নং ওয়ার্ড আমির মো. ফখরুল ইসলাম, ১২ নং ওয়ার্ড সেক্রেটারি ও কাউন্সিলর প্রার্থী হাফেজ হুমায়ুন কবির, ৮ নং ওয়ার্ড সেক্রেটারি আক্তার জামিল, ১৩ নং ওয়ার্ড আমির ইস্রাফিল আলম এবং সেক্রেটারি আমিনুর রহমান সোহেলসহ স্থানীয় নেতৃবৃন্দ। হাসপাতাল রোডেও তিনি গণসংযোগ করেন এবং ভোটারদের প্রতি আবারও ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানান।
রিপোর্টারের নাম 























