ফরিদপুরের বোয়ালমারীতে ভেজাল শিশু খাদ্য, নকল আচার ও চিপস তৈরির একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার (১৮ জানুয়ারি) পরিচালিত এই যৌথ অভিযানে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভেজাল খাদ্যসামগ্রী জব্দ করে ধ্বংস করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বোয়ালমারী পৌরসভার আঁধারকোঠা গ্রামে দুপুর থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, আঁধারকোঠা গ্রামের হাসিবুর বিশ্বাসের দুই ছেলে বাহারুল বিশ্বাস ও রুহুল বিশ্বাস একটি স্টোর ও কারখানার আড়ালে দীর্ঘদিন ধরে শিশুদের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে পৌরসভার ট্রাকে করে চার ট্রাক ভর্তি ভেজাল খাদ্যসামগ্রী জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে ছিল চটকদার মোড়কে মোড়ানো নকল জুস, আচার, চকলেট, চিপস, ভাজা, বিস্কুট, পঁচা নারকেল দিয়ে তৈরি নাড়ুসহ শিশুদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ নানা ধরনের ভেজাল খাদ্যপণ্য। অভিযান শেষে জব্দকৃত সমস্ত খাদ্যসামগ্রী রোলার দিয়ে পিষ্ট করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ জানান, ‘দীর্ঘদিন ধরে শিশু খাদ্যসহ বিভিন্ন ভেজাল খাদ্য তৈরি ও বিক্রির অভিযোগের ভিত্তিতে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এসব খাদ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে এবং অভিযুক্ত প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।’ তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 























