শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন সখীপুর থানা ছাত্রলীগের সভাপতিকে আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন। শনিবার বিকেলে ভেদরগঞ্জ উপজেলার সখীপুর বাজারে এই ঘটনা ঘটে। পুলিশের ওপর হামলায় ওসি নাজিম উদ্দিন ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গিয়ে আহত হন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সখীপুর থানা সভাপতি আতিকুর রহমান সোমেল সরদার সখীপুর বাজারে অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। বাজারে আতিকুরকে শনাক্ত করে তাঁর পরিচয় ও দলীয় পদ সম্পর্কে জানতে চাইলে তিনি আকস্মিকভাবে ওসি নাজিম উদ্দিনকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। এই ধাক্কায় ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান ওসি এবং এতে তিনি আহত হন।
আহত ওসি নাজিম উদ্দিন জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বাজারে খোলা তেল বিক্রি বন্ধে ব্যবসায়ীদের সতর্ক করার জন্য তিনি সখীপুর বাজারে গিয়েছিলেন। সেখানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওই নেতা উপস্থিত থাকার খবর পেয়ে তাকে আটক করতে তিনি এগিয়ে যান। পরিচয় জানতে চাওয়ার সাথে সাথেই আতিকুর তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে পড়ে গিয়ে তাঁর বাম হাতের কনিষ্ঠ আঙুলে আঘাত লাগে।
ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শফিকুজ্জামান অপু জানিয়েছেন, ওসির বাম হাতের কনিষ্ঠ আঙুলের নখ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
এ বিষয়ে ভেদরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য শেখর পাল বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত আছি। আহত ওসি চিকিৎসা নিয়েছেন। অভিযুক্তকে আটক করতে পুলিশের অভিযান চলছে।”
রিপোর্টারের নাম 






















