কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন বিএনপির এক নেতার দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি প্রকাশ্যে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট ‘কাটার’ ঘোষণা দিয়েছেন। শুক্রবার বিকেলে দুধঘাটা সরকার বাজারে মরহুমা খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলের প্রস্তুতি সভায় মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মিন্টু এই মন্তব্য করেন। প্রায় চার মিনিটের একটি ভিডিওতে তাকে এই বক্তব্য দিতে শোনা যায়।
বক্তব্যে মাজেদুল ইসলাম মিন্টু বলেন, “যে ইউনিয়নের সভাপতি হতে পারে, সে ২৮-২৯ হাজার ভোট কাটারও ক্ষমতা রাখে। আমরা মজিদপুরে ধানের শীষে ১০০ থেকে ১০০ পাশ করাবো, ইনশাআল্লাহ।” তিনি আরও যোগ করেন, “এই ধানের শীষ অধ্যাপক সেমিল ভূঁইয়ার না, এই ধানের শীষ হলো খালেদা জিয়া এবং তারেক জিয়ার। আমরা মজিদপুর ইউনিয়নে ১০০ থেকে ১০০ পাশ করব, আপনারা নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ।”
ভাইরাল হওয়া ভিডিওতে মিন্টু বলেন, “ইন্দুর যদি এখন বাইর হয় মাঠে দেখবেন, ২০-২২ তারিখের পর থেকে দেখবেন ইন্দুর কই যায়। আপনারা নিশ্চিত থাকেন এই ইন্দুর মাঠে নামতে পারবে না।” তিনি আওয়ামী লীগকেও ইঙ্গিত করে বলেন, “আওয়ামী লীগ যদি এখনো নামতো, তাইলে আমরা বাড়িতে ঘুমাই কেন? তাদের বাড়িতে ঘুমানোর সময়ও নাই, নামার সময়ও নাই।” তিনি আরও বলেন, “সাবধান আমরা ধানের শীষ নিয়ে মাঠে আছি। যদি প্রমাণ করতে হয়, ২২ তারিখের পরে আমার মজিদপুর ইউনিয়নে জবাব দেওয়ার শক্তি রাখি।”
মিন্টু নিজেকে কোনো স্বতন্ত্র প্রার্থী বা আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচয় দিতে অস্বীকার করেন। তিনি বলেন, “আমি মজিদপুর ইউনিয়নের সভাপতি হিসেবে স্পষ্টভাবে বলতে চাই, যে রঙের যে মুস্তানই আসুক সামনে, সব শেষ।”
এই সভায় উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার বেপারী, মো: আশরাফুল আলম, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. হেলাল ভূঁইয়া, মজিদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইদুল ইসলাম সরকার বিজয় এবং সাধারণ সম্পাদক তন্ময় হাসান কাজলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























