নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী এক যৌথ অভিযানে এক কারবারিসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের পুষনা ডাঙ্গাপাড়া গ্রামের এক মাদক কারবারির বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনা ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী জানতে পারে যে, সদর ইউনিয়নের উত্তর পুষনা ডাঙ্গাপাড়া গ্রামের রাজু আহম্মেদের বাড়িতে মাদকের বেচাকেনা চলছে। এই তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী ওই বাড়িতে অভিযান চালায়।
অভিযানে মাদক কারবারি রাজু আহম্মেদ (৪৮) এবং তিন মাদক সেবনকারীকে হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারি রাজু আহম্মেদ উত্তর পুষনা ডাঙ্গাপাড়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। অপর গ্রেপ্তারকৃত মাদক সেবনকারীরা হলেন: একই গ্রামের মৃত শামসুল হকের ছেলে মাসুম মিয়া (৩০), উত্তর পুষনা মাস্টারপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে জাকির হোসেন (২২) এবং গদা মাঝাপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে মুকুল হোসেন (৪৮)।
আটকের পর জিজ্ঞাসাবাদে তারা মাদক বিক্রি ও সেবনের কথা স্বীকার করে। এ সময় কারবারি রাজু আহম্মেদের পকেট থেকে ৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জ থানা কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 























