কুমিল্লার লালমাই উপজেলায় অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এই অভিযানে মাটি বোঝাই চারটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে এবং অবৈধ মাটি পরিবহনের দায়ে ট্রাক মালিকদের তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে ভুলইন দক্ষিণ ইউনিয়নের ভুশ্চি বাজার এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন লালমাই সেনা ক্যাম্প, থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা জানান, কৃষি জমিতে অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে ভুশ্চি বাজার এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে মাটি বোঝাই চারটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অবৈধ মাটি পরিবহনের দায়ে ট্রাক মালিকদের কাছ থেকে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরও বলেন, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় কৃষি জমির টপসয়েল কাটা বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। অবৈধ মাটিকাটাসহ পরিবেশ বিধ্বংসী যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।
রিপোর্টারের নাম 























