কুমিল্লার অসহায়, দুস্থ ও মাদ্রাসা শিক্ষার্থীদের শীতের তীব্রতা থেকে সুরক্ষা দিতে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ইউনাইটেড। সংগঠনের পক্ষ থেকে স্থানীয় একটি মাদ্রাসায় আয়োজিত কর্মসূচির মাধ্যমে প্রায় পাঁচ শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
শুক্রবার আয়োজিত এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের সাবেক এজিএম ও বীর মুক্তিযোদ্ধা আলী আজগর সরকার। কোমলমতি শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে তিনি বলেন, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর এই প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। জেসিআই ঢাকা ইউনাইটেড মানবতার সেবায় যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সমাজের অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে। আর্তমানবতার সেবায় এমন উদ্যোগ সামাজিক পরিবর্তনে সহায়ক ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেসিআই ঢাকা ইউনাইটেডের প্রেসিডেন্ট ডা. মো. এনামুল হক। তিনি তাঁর বক্তব্যে বলেন, তীব্র শীতে অসহায় মানুষের কষ্ট লাঘবে এগিয়ে আসা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যদি সমন্বিতভাবে কাজ করে, তবে শীতার্ত মানুষের দুর্ভোগ অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। সাধারণ মানুষের কল্যাণে জেসিআই ঢাকা ইউনাইটেডের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের এফএভিপি মুন্সি মো. জাকারিয়া এবং জনতা ব্যাংকের সাবেক ম্যানেজার সুলতান আহমেদ মুন্সি।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে আরও অংশগ্রহণ করেন জেসিআই ঢাকা ইউনাইটেডের বোর্ড অফ ডিরেক্টরস সদস্য মাহমুদ খান বিজু, তাহিয়াদুল ইসলাম তামজিদ, আরিফ সিকদার, জাহিদ হাসান আরজু, আসিফুর রহমান ও মো. আব্দুল কাইয়ুম। এছাড়া সংগঠনের সদস্য আশরাফুল ইসলাম, সাদাত আলম শাওন ও শাহ জালালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























