ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাবনা-৩ আসনের বিএনপি প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি। গত শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে এই নোটিশ জারি করা হয়।
নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং ঈশ্বরদী, পাবনার সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক সঞ্চিতা ইসলাম এই নোটিশ জারি করেন। আগামী ২০ জানুয়ারির মধ্যে কমিটির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে প্রার্থী তুহিনকে। কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে জবাব চাওয়া হয়েছে।
কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, মো. লিখন সরকার নামের একটি ফেসবুক আইডি থেকে প্রার্থী মো. হাসান জাফির তুহিনের পক্ষে কিছু স্থিরচিত্র ও ভিডিও প্রচার করা হচ্ছে। গত ১৬ জানুয়ারি বিষয়টি নির্বাচনি অনুসন্ধান কমিটির দৃষ্টিগোচর হয়। প্রচারণায় প্রকাশ্যে ধানের শীষের পক্ষে ভোট চাওয়া এবং স্লোগান দেওয়ার অভিযোগ রয়েছে।
নোটিশে আরও বলা হয়, নির্বাচনে প্রার্থী হিসেবে তার এসব কার্যকলাপ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৩ ও বিধি ১৮ এর সুস্পষ্ট লঙ্ঘন বলে প্রতীয়মান হয়। জাতীয় সংসদ নির্বাচনের তিন সপ্তাহ আগে নির্বাচনি প্রচার শুরু করার কোনো সুযোগ নেই, যা এই বিধিমালা অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী মঙ্গলবার (২০ জানুয়ারি) ঈশ্বরদী, পাবনার সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক সঞ্চিতা ইসলামের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে পাবনা-৩ আসনের বিএনপি প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন জানান, তিনি নির্বাচনি আচরণবিধির প্রতি শ্রদ্ধাশীল। ইতিমধ্যে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পাতায় আগামী ২২ জানুয়ারির আগে সকল প্রকার নির্বাচনি প্রচার-প্রচারণা বন্ধের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও হিতাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তুহিন আরও বলেন, তিনি নিজে কোনো নির্বাচনি প্রচার-প্রচারণা করছেন না। আদালতের প্রতি তিনি সব সময় শ্রদ্ধাশীল এবং সময়মতো আদালতে হাজির হয়ে শোকজের জবাব দেবেন।
রিপোর্টারের নাম 
























