পিরোজপুরের কাউখালী উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রুহের মাগফিরাত কামনায় এক বৃহৎ দোয়া মাহফিল ও জিয়াফত অনুষ্ঠিত হয়েছে। কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার এতিম, দুস্থ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শনিবার দুপুরে শহরের ইকোপার্ক মাঠে এই আয়োজন সম্পন্ন হয়।
উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের আর্থিক সহায়তায় এই দোয়া মাহফিল ও জিয়াফতের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সকাল থেকে কোরআন খতম করা হয়। এরপর দুপুরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে উপজেলার সকল এতিমখানা, হাফেজিয়া, কওমি ও ইবতেদায়ী মাদ্রাসার ছাত্রছাত্রী, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, বীর মুক্তিযোদ্ধা, রিকশা-অটোচালক এবং খেয়াঘাটের মাঝিদের মাঠে বসিয়ে কুলখানির খাবার পরিবেশন করা হয়।
দোয়া ও জিয়াফত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, পিরোজপুর-২ আসনের সাবেক বিএনপি প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস.এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ.এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন ও রফিকুল ইসলামসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কুলখানি অনুষ্ঠানে আগত বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা তাদের প্রতিক্রিয়ায় বলেন, নিজের দলের নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি অকৃত্রিম ভালোবাসা না থাকলে এমন বৃহৎ পরিসরে কুলখানির আয়োজন করা সম্ভব নয়। তারা আরও উল্লেখ করেন যে, বেগম খালেদা জিয়া শুধু একটি নির্দিষ্ট দলের নেত্রী নন, তিনি সমগ্র বাংলাদেশের মানুষ। তাই দল-মত নির্বিশেষে সকল স্তরের মানুষ এই কুলখানি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
রিপোর্টারের নাম 
























