অধিকৃত পশ্চিম তীরের আকাশসীমায় ইসরায়েলি বিমানবাহিনীর একটি ‘ব্ল্যাক হক’ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তবে এই দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
শুক্রবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, বিরূপ আবহাওয়ার কবলে পড়ে হেলিকপ্টারটি দক্ষিণ পশ্চিম তীরের এৎজিওন ব্রিগেড নিয়ন্ত্রিত এলাকায় একটি খোলা মাঠে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। পরবর্তীতে সেটিকে উদ্ধার করে সরিয়ে নেওয়ার চেষ্টা করার সময় যান্ত্রিক নিয়ন্ত্রণ হারিয়ে হেলিকপ্টারটি আছড়ে পড়ে।
এই দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে ইসরায়েলি বিমানবাহিনীর প্রধান টোমার বার উচ্চপর্যায়ের একটি সামরিক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। প্রাথমিক তদন্তের পর দুর্ঘটনার বিস্তারিত কারণ জানা যাবে বলে জানানো হয়েছে।
গাজা উপত্যকায় সংঘাত শুরু হওয়ার পর থেকে অধিকৃত পশ্চিম তীরেও চরম উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে ১ হাজার ৮০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সময়ে আহত হয়েছেন প্রায় ১১ হাজার মানুষ এবং ২০ হাজারের বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই ইসরায়েলি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবরটি সামনে এল।
রিপোর্টারের নাম 























