ইরানের বর্তমান অভ্যন্তরীণ পরিস্থিতি ও চলমান অস্থিরতা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে বিশদ আলোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই ফোনালাপে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সরাসরি উসকানি এবং অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন তিনি।
ইরানি প্রেসিডেন্ট রুশ প্রেসিডেন্টকে জানান, ইরানে সাধারণ মানুষের শুরু করা শান্তিপূর্ণ প্রতিবাদকে কৌশলে ‘হাইজ্যাক’ করে সহিংসতায় রূপ দেওয়া হয়েছে। তিনি বিষয়টিকে একটি পরিকল্পিত চক্রান্ত হিসেবে অভিহিত করেন। পেজেশকিয়ান বলেন, ইরানের বর্তমান শাসনব্যবস্থা সম্পূর্ণভাবে জনকল্যাণমুখী এবং জনগণের ন্যায্য দাবিগুলো পূরণ করতেই সরকার নিরলস কাজ করে যাচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দেশটির সাধারণ মানুষ যেসব অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হচ্ছে, তা সমাধান করাই এখন তেহরানের প্রধান লক্ষ্য।
ফোনালাপে মাসুদ পেজেশকিয়ান আরও উল্লেখ করেন, গত সোমবার দেশজুড়ে অনুষ্ঠিত বিশাল সমাবেশগুলোতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করেছে যে, দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক সরকারের স্থিতিশীলতার পক্ষেই রয়েছে। এই বিশাল গণজোয়ার দাঙ্গাবাজ ও বহিঃশক্তির চক্রান্তকে চূড়ান্তভাবে নস্যাৎ করে দিয়েছে বলে তিনি পুতিনকে আশ্বস্ত করেন। দুই নেতার এই আলাপে আঞ্চলিক নিরাপত্তা এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 



















