গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার পথে কোনো পক্ষ বাধা হয়ে দাঁড়ালে তাদের ওপর কঠোর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থেই গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা জরুরি।
হোয়াইট হাউসে গ্রামীণ স্বাস্থ্যসেবা বিষয়ক এক কর্মসূচিতে অংশ নিয়ে ট্রাম্প ইউরোপীয় মিত্রদের উদ্দেশ্য করে এই সতর্কবার্তা দেন। তিনি অতীতে ইউরোপীয় দেশগুলোর ওষুধ শিল্পের ওপর শুল্ক আরোপের প্রসঙ্গটি স্মরণ করিয়ে দিয়ে বলেন, গ্রিনল্যান্ড ইস্যুতেও তিনি একই ধরনের কঠোর পদক্ষেপ নিতে পারেন।
বক্তব্যে ট্রাম্প স্পষ্ট করে বলেন, “যদি গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের পণ্যের ওপর শুল্ক আরোপ করতে পারি। আমাদের জাতীয় নিরাপত্তার খাতিরেই গ্রিনল্যান্ডকে প্রয়োজন। তাই এই লক্ষ্য অর্জনে আমি যেকোনো ব্যবস্থা নিতে প্রস্তুত।”
ভৌগোলিক ও কৌশলগত কারণে গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ওয়াশিংটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন ট্রাম্প। তবে তার এই মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। বিশেষ করে ইউরোপীয় মিত্রদের সাথে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে এই হুমকি নতুন করে টানাপোড়েন তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 



















