পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার রাতে সারগোধা জেলার কোট মোমিন এলাকায় যাত্রীবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খালে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন।
জানা গেছে, ২৩ জন যাত্রী নিয়ে ট্রাকটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে খুশাবের দিকে যাচ্ছিল। পথে গালাপুর বাংলা খালের কাছে পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে। খালটি পানিশূন্য থাকলেও ট্রাকটি উল্টে নিচে পড়ে গেলে যাত্রীরা নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। পরবর্তীতে উদ্ধার অভিযান চলাকালে এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজন প্রাণ হারান।
স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ২২ মিনিটের দিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে দেশটির দুর্যোগ মোকাবিলা দপ্তরের বিশেষ উদ্ধারকারী দল। উদ্ধারকারীরা জানান, প্রচণ্ড কুয়াশার কারণে উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হয়েছে। ট্রাকের নিচে চাপা পড়া যাত্রীদের উদ্ধারে দীর্ঘ সময় চেষ্টা চালাতে হয়। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দেশটির দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, শীতকালীন ঘন কুয়াশার কারণে পাকিস্তানে প্রায়ই এ ধরনের সড়ক দুর্ঘটনা ঘটছে। চালকদের সতর্কতার সাথে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হলেও প্রতিকূল আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি। সংশ্লিষ্ট এলাকায় উদ্ধার অভিযান শেষে ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরিয়ে নেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 



















