ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সামরিক অবস্থানের কারণে দেশটি আন্তর্জাতিকভাবে ক্রমশ একঘরে হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি দাবি করেছেন, বর্তমান পরিস্থিতির কারণে খোদ ইউরোপীয় শীর্ষ নেতারাও এখন নেতানিয়াহুকে এড়িয়ে চলতে শুরু করেছেন।
সম্প্রতি এক বিবৃতিতে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, নেতানিয়াহু সরকারের আগ্রাসী রণকৌশল কেবল মধ্যপ্রাচ্যেই ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ডেকে আনেনি, বরং ইসরায়েলকে বিশ্বমঞ্চে বন্ধুহীন করে তুলেছে। ফিদানের মতে, এক সময় যারা ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিল, সেই ইউরোপীয় দেশগুলোর নেতারাই এখন নেতানিয়াহুর সাথে সরাসরি যোগাযোগ বা দ্বিপাক্ষিক আলোচনা থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন।
তুরস্কের এই শীর্ষ কূটনীতিক আরও উল্লেখ করেন যে, এই কূটনৈতিক বিচ্ছিন্নতা মূলত নেতানিয়াহুর একগুঁয়ে নীতিরই ফল। আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে সামরিক অভিযান অব্যাহত রাখায় বৈশ্বিক জনমতে ইসরায়েল বিরোধী মনোভাব তীব্র হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে উচ্চপর্যায়ের কূটনৈতিক সম্পর্কের ওপর। ফিদান সতর্ক করে বলেন, নেতানিয়াহুর এই একতরফা নীতি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা তৈরির পাশাপাশি ইসরায়েলকে বিশ্ব থেকে আরও বিচ্ছিন্ন করে ফেলবে।
রিপোর্টারের নাম 



















