নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রবাসীদের ভোট দেওয়ার অ্যাপ, যার নাম ‘পোস্টাল ভোট বিডি’, উদ্বোধন করা হবে। এই অ্যাপ ব্যবহার করে প্রবাসীরা নিবন্ধন করার জন্য সময় পাবেন প্রায় দশ দিন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানান। তিনি বলেন, দেশের বাইরে থেকে ভোট দেওয়ার জন্য ‘আউট অব কান্ট্রি ভোটিং রেজিস্ট্রেশন’-এর উদ্দেশ্যে একটি অ্যাপ তৈরি করা হচ্ছে। নভেম্বরের তৃতীয় সপ্তাহে এটি চালু হবে। তখন থেকে সার্কুলার এবং প্রচারণার মাধ্যমে—সোশ্যাল মিডিয়া বা ন্যাশনাল মিডিয়ায়—জানিয়ে দেওয়া হবে যে পৃথিবীর কোন অঞ্চল থেকে ভোটাররা নিবন্ধন করতে পারবেন।
নির্বাচন কমিশনার আরও বলেন, “সাধারণভাবে আমরা সাত থেকে ১০ দিন প্রত্যেক রিজিয়নকে দেব। সবশেষে আমরা চেষ্টা করব আরও তিন থেকে সাত দিন সময় রাখার, যাতে করে যারা বাদ পড়া ভোটার আছেন, হয়তো তারা সুনির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে পারেননি, তারা ওই সময় রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে পারেন।”
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্য নিয়ে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এবারই প্রথমবারের মতো বড় পরিসরে প্রবাসীদের ভোটের আওতায় আনা হচ্ছে। আউট অব কান্ট্রি ভোটিং বিষয়ে লন্ডনের বাংলাদেশ হাই কমিশন ও প্রবাসীদের সঙ্গে অনলাইনে এই মতবিনিময় সভার আয়োজন করে ইসি। নির্বাচন ভবনে ইসি সচিব, এনআইডি মহাপরিচালকসহ অন্য কর্মকর্তারা এবং হাই কমিশনের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















