ভেনেজুয়েলায় মার্কিন বিশেষ বাহিনীর এক রক্তক্ষয়ী অভিযানে অন্তত ১০০ জন প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো। বুধবার রাতে এক রাষ্ট্রীয় ভাষণে তিনি এই তথ্য প্রকাশ করেন। এই অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর থেকেই ভেনেজুয়েলার অভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলোর তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ভেনেজুয়েলার সামরিক বাহিনীর অন্তত ২৩ জন সদস্য রয়েছেন, যাদের তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। তিনি অভিযোগ করেন, মার্কিন সেনারা অত্যন্ত ঠান্ডা মাথায় মাদুরোর নিরাপত্তা বাহিনীর একটি বড় অংশকে হত্যা করেছে। এছাড়া কিউবা সরকারও নিশ্চিত করেছে যে, দেশটিতে নিয়োজিত তাদের সামরিক ও গোয়েন্দা সংস্থার বেশ কয়েকজন সদস্য এই সংঘর্ষে নিহত হয়েছেন। নিহত সেনাদের স্মরণে গত মঙ্গলবার থেকে ভেনেজুয়েলায় এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
অভিযানের সময় মাদুরো ও তার স্ত্রীর আহত হওয়ার খবরও নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, আটকের সময় সিলিয়া ফ্লোরেস মাথায় গুরুতর আঘাত পেয়েছেন এবং প্রেসিডেন্ট মাদুরো নিজেও পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন। বর্তমানে তারা দুজনেই যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন এবং তাদের নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হয়েছে।
এদিকে প্রেসিডেন্ট মাদুরোর অনুপস্থিতিতে কারাকাসে অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের নেতৃত্বে সরকার পরিচালনার প্রক্রিয়া চলছে। মার্কিন এই সামরিক পদক্ষেপের প্রতিবাদে কারাকাসে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে দেশের সেনাবাহিনীর মনোবল অটুট রাখার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলো।
রিপোর্টারের নাম 






















