ঘরের মাঠে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ঘোষিত এই দলে বড় চমক হলো তারকা ব্যাটার শুবমান গিলের বাদ পড়া। এছাড়া দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার ইশান কিষাণ।
দল ঘোষণার আগে থেকেই গিলের টি-টোয়েন্টি ফর্ম নিয়ে আলোচনা চলছিল। বিশেষ করে সাঞ্জু স্যামসন দুর্দান্ত ফর্মে থাকায় গিলের ওপর পারফর্ম করার চাপ ছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত হোম সিরিজে তিন ইনিংসে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন এই ডানহাতি ব্যাটার। যার ফলে বিশ্বকাপ দল থেকে ছিটকে যেতে হয়েছে তাকে।
পরিসংখ্যান বলছে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গত ১৮ ইনিংসে একটিও ফিফটি নেই গিলের। প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচে তার সংগ্রহ ছিল যথাক্রমে ৪, ০ এবং ২৮ রান।
অন্যদিকে, ঘরোয়া টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ইশান কিষাণ। দুই বছরেরও বেশি সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন তিনি। তবে ধারণা করা হচ্ছে, গিলের জায়গায় ওপেনিংয়ে সাঞ্জু স্যামসনকেই অগ্রাধিকার দেবে ভারত। স্যামসন উইকেটকিপিংয়েও দক্ষ।
দলের বাকি সদস্য নির্বাচনে তেমন কোনও বড় চমক নেই। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন এই দলটি আগামী ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ২০ দলের এই জমজমাট আসর। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ভারতই প্রথম দল হিসেবে তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। এর আগে গত বৃহস্পতিবার ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে সহ-আয়োজক শ্রীলঙ্কা।
ভারতের বিশ্বকাপ স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিঙ্কু সিং, জসপ্রীত বুমরা, হর্ষিত রানা, আরশদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর এবং ইশান কিষাণ (উইকেটকিপার)।
রিপোর্টারের নাম 

























