মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের ভালো অবস্থানে নিতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। কাভেম হজের ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিতে ভর করে ফলোঅন এড়িয়েছে সফরকারীরা। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে সংগ্রহ ৬ উইকেটে ৩৮১ রান। স্বাগতিকদের চেয়ে তারা এখনো ১৯৪ রানে পিছিয়ে আছে।
৩২ বছর বয়সী কাভেম হজ ১০৯ রানে অপরাজিত আছেন। সেঞ্চুরিতে পৌঁছাতে খেলেছেন ২২৪টি বল, যেখানে ছিল ১২টি চারের মার। অবশ্য ব্যক্তিগত ৭৪ রানে ড্যারিল মিচেলের হাতে একবার জীবনও পান তিনি। সেঞ্চুরির পথে নব্বইয়ের ঘরে গিয়ে বেশ কিছুটা সময় নিতে হয় তাকে। বিশেষ করে ৯৭ রানে থাকা অবস্থায় মাইকেল রায়ের একটি ডেলিভারি সরাসরি তাকে আঘাত করলে দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকে।
ফলোঅন এড়ানোর কাছে পৌঁছাতে হজকে যোগ্য সঙ্গ দিয়েছেন জাস্টিন গ্রিভস। দুজনে মিলে গড়েন ৮১ রানের জুটি। এর আগে টেভিন ইমলাচ ও অ্যালিক আথানেজের সঙ্গেও দুটি অর্ধশতক রানের জুটি উপহার দেন হজ। দিন শেষে হজের সঙ্গে ১২ রানে অপরাজিত আছেন অ্যান্ডারসন ফিলিপ।
নিউজিল্যান্ডের হয়ে বোলিংয়ে চমক দেখান ড্যারিল মিচেল। ৪৩ রান করা গ্রিভসকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন তিনি। এটি মিচেলের ৩৫ টেস্টের ক্যারিয়ারে মাত্র চতুর্থ উইকেট। এরপরই উইন্ডিজ ব্যাটিংয়ে কিছুটা ধস নামে। রোস্টন চেজকে দ্রুত সাজঘরে ফেরান অ্যাজাজ প্যাটেল।
এদিকে, ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, দলের অন্যতম সেরা ব্যাটার শাই হোপ ফুড পয়জনিংয়ের কারণে শনিবার ব্যাটিংয়ে নামতে পারেননি। তবে প্রথম দিনে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া কেমার রোচ প্রয়োজনে ব্যাটিং করবেন বলে জানানো হয়েছে।
তৃতীয় দিনটি বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে কিউই স্পিনার অ্যাজাজ প্যাটেলের। ঘরের মাঠে দীর্ঘ অপেক্ষার পর প্রথম উইকেটের দেখা পেয়েছেন। আথানেজকে (৪৫) বোল্ড করে নিউজিল্যান্ডের মাটিতে নিজের ৩৯৪তম বলে প্রথম উইকেটের স্বাদ নেন তিনি। নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট খেলার ২ হাজার ৫৬২ দিন পর উইকেটের দেখা পেয়েছেন।
এর মধ্য দিয়ে বিদেশের মাটিতে বেশি উইকেট নিলেও দেশের মাটিতে কোনও উইকেট না পাওয়ার ‘অস্বস্তিকর’ রেকর্ড থেকে মুক্তি পেলেন তিনি। এখন এই রেকর্ডের মালিক ইংল্যান্ডের বিলি বেটস।
দিনের শুরুতে ১১০ রান নিয়ে ব্যাটিংয়ে নামা উইন্ডিজ দলীয় ১১১ রানে প্রথম উইকেট হারায়। ৪৫ রান করে বিদায় নেন জন ক্যাম্পবেল। এরপর ব্র্যান্ডন কিংকে ৬৩ রানে বোল্ড করেন জ্যাকব ডাফি।
নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংস ৮ উইকেটে ৫৭৫ রানে ঘোষণা করেছিল। যেখানে ডেভন কনওয়ে খেলেছেন ২২৭ রানের এক মহাকাব্যিক ইনিংস।
রিপোর্টারের নাম 

























