ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকে পূর্বপরিকল্পিত, গভীর ষড়যন্ত্রের অংশ এবং এর পেছনে বিরাট শক্তি কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি বলেছেন, ষড়যন্ত্রকারীরা তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে এবং তারা প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে।
গতকাল শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও ইনকিলাব মঞ্চের নেতাদের সাথে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন এবং জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর প্রতি ঐক্যবদ্ধ থাকার এবং নির্বাচনের আগে নিজেদের মধ্যেকার দ্বন্দ্ব থেকে সরে আসার আহ্বান জানান। তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য হলো নির্বাচনটি না হতে দেওয়া এবং শক্তি প্রদর্শন করে নির্বাচনের সব আয়োজন ভেস্তে দেওয়া।
বৈঠকে রাজনৈতিক নেতৃবৃন্দ এই ঘটনাকে জুলাই গণ-অভ্যুত্থান নস্যাৎ করার ষড়যন্ত্রের অংশ অভিহিত করে বলেন, ষড়যন্ত্রকারীদের সব চেষ্টা রুখে দিতে দলগুলো ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে। বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ ঐক্যবদ্ধ থাকার এবং পরস্পরের দোষারোপ থেকে বিরত থাকার আহ্বান জানান। জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারও বলেন, সাম্প্রতিক সময়ে একে-অন্যকে দোষারোপ করার প্রবণতা বিরোধীদের সুযোগ দিয়েছে, তাই আগের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে। এনসিপি প্রধান নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানকে খাটো করার জন্য মিডিয়া ও প্রশাসনের নানা স্তরে সুসংগঠিত ক্যাম্পেইন চলছে এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে ‘নরমালাইজ’ করার চেষ্টা হচ্ছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল সতর্ক করেন, দলগুলোর মধ্যে হানাহানি শুরু হওয়ার ফলেই আওয়ামী লীগ শক্তিশালী হয়েছে।
রিপোর্টারের নাম 























