দেশে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কার্যক্রম ব্যাপক পরিসরে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘জাতীয় হিমোফিলিয়া চিকিৎসা নির্দেশিকা ২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা কাউকে বিনা চিকিৎসায় মরতে দেব না। সরকার সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ এবং হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
সরদার সাখাওয়াত হোসেন বলেন, রোগীদের সেবায় দেশের চিকিৎসকেরা অত্যন্ত আন্তরিক ও দায়িত্বশীল। চিকিৎসকদের সহযোগিতায় সরকার সব পর্যায়ে সহায়তার হাত প্রসারিত করবে। তিনি বলেন, জাতীয় যেকোনো প্রয়োজনে চিকিৎসকরা সব সময় সাড়া দেন। দেশের জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম হলেও সীমিত জনবল নিয়েই তারা নিরলসভাবে মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। এমনকি প্রত্যন্ত অঞ্চলেও চিকিৎসকেরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিশ্ব দরবারে আমরা প্রমাণ করতে চাই, আমরা পারি এবং পারব। স্বাস্থ্য খাতে ইতোমধ্যে আমরা অগ্রগতি অর্জন করেছি। দেশের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছেন।
চিকিৎসক ও নার্সের সংকট নিরসনে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার এ সংকট কাটিয়ে উঠতে নিরলসভাবে কাজ করছে। স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত সব পর্যায়ের কর্মীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে। মানুষের কল্যাণ ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. আমিন লুতফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বক্তব্য রাখেন।


























