অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বন্ধ ও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) মোকাবিলায় চিকিৎসকের ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশন ছাড়া ওভার দ্য কাউন্টার (ওটিসি) অ্যান্টিবায়োটিক বিক্রি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এজন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরকে ঢেলে সাজানো হচ্ছে বলে জানান তিনি।
রাজধানীর মহাখালীতে আইইডিসিআর আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে পড়ার কারণে দেশে প্রতি বছর প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষ মারা যাচ্ছেন। এ সংকট নিরসনে চিকিৎসাক্রমের পাঠ্যপুস্তকে সংক্রমণ প্রতিরোধ ও অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহারের বিষয়টি যুক্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, উপজেলা পর্যায়ে প্রস্তাবিত নতুন হাসপাতালগুলোতে বর্জ্য ব্যবস্থাপনা ও সংক্রমণ নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি ডিজিটাল প্রেসক্রিপশন ব্যবস্থা চালু করে চিকিৎসকদের জবাবদিহি নিশ্চিত করা হবে। মানুষের পাশাপাশি পশু ও মৎস্য খাতেও অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে সমন্বিত পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।


























