বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উপাচার্যের কার্যালয়ে তাঁর উপস্থিতিতেই কর্মকর্তাদের দুই পক্ষের মারামারির ঘটনায় জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চার শীর্ষ নেতাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১২৪তম সিন্ডিকেট সভায় এ কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। বরখাস্ত হওয়া চার কর্মকর্তাই সংগঠনটির শীর্ষ চারটি পদে দায়িত্ব পালন করছেন।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির উপ-গ্রন্থাগারিক ও জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সাধারণ সম্পাদক মো. মামদুদুর রহমান, সংস্থাপন শাখা-২-এর অতিরিক্ত রেজিস্ট্রার ও ফোরামের সহসভাপতি ড. মো. জিয়াউল হক, সংস্থাপন শাখা-১-এর উপ-রেজিস্ট্রার ও ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম এবং ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের প্রিন্সিপাল রিসার্চ অফিসার ও ফোরামের সভাপতি ড. রোকনুজ্জামান। বৃহস্পতিবার রাতে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সদস্য চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, একই সংগঠনের শীর্ষ চার পদে থাকা কর্মকর্তাদের একসঙ্গে সাময়িক বরখাস্তের এই সিদ্ধান্তে ক্যাম্পাসে প্রশ্ন ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের নেতাদের কোণঠাসা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির অন্যান্য নেতারা। তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয় থেকে জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করার অসৎ উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁদের ভাষ্য অনুযায়ী, ঘটনা তদন্তে গঠিত কমিটি কেবল একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ছিল এবং সেটিতে সুনির্দিষ্ট কোনো সুপারিশ ছিল না। এমনকি সাময়িক বরখাস্তের পূর্বে তাঁদের কাউকেই কোনো কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়নি।
অন্যদিকে, সংঘর্ষের সময় উপাচার্যের ভূমিকা নিয়েও তীব্র প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। তাঁদের অভিযোগ, উপাচার্যের কার্যালয়ে তাঁর সামনেই সংঘর্ষের ঘটনা ঘটলেও তিনি তাৎক্ষণিকভাবে কর্মকর্তাদের শান্ত করতে কোনো কার্যকর ভূমিকা পালন করেননি। সে সময় তিনি জোরালোভাবে হস্তক্ষেপ করলে পরিস্থিতি এতদূর গড়াত না বলেও মনে করছেন তাঁরা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
গত ৫ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর উপস্থিতিতে তাঁর কার্যালয়ে কর্মকর্তাদের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাঠানো একটি চিঠিকে কেন্দ্র করে মূলত এই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, ইউজিসির পাঠানো ওই চিঠি নিয়ে উপাচার্যের কক্ষে আলোচনা চলাকালে কর্মকর্তাদের মধ্যে প্রথমে তীব্র বাগ্বিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।


























