বন্যা-পরবর্তী সময়ে গাইবান্ধার চরাঞ্চলগুলোতে এখন সবুজের সমারোহ। জেলার চার উপজেলার ১৬৫টি চরে বিভিন্ন ফসলের আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় অধিকাংশ ফসলের বাম্পার ফলন হলেও মরিচ ক্ষেত নিয়ে চরম বিপাকে পড়েছেন চাষিরা।
মরিচ ক্ষেতজুড়ে ছড়িয়ে পড়েছে অজ্ঞাত এক মড়ক। প্রথমে গাছে ধরা মরিচ পচে যাচ্ছে, এরপর পুরো গাছটিই মরে শুকিয়ে যাচ্ছে। বারবার কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ করেও কোনো সুফল মিলছে না। এতে উৎপাদন খরচ বৃদ্ধির পাশাপাশি চরম আর্থিক লোকসানের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।
চাষিরা জানান, আকস্মিকভাবে গাছ ঝিমিয়ে পড়ে পচন ধরছে। স্থানীয় কৃষি অভিজ্ঞতার আলোকে ছত্রাকজনিত রোগ ভেবে ওষুধ দেওয়া হলেও এতে প্রতিকার হচ্ছে না। রোগের সঠিক কারণ চিহ্নিত করতে না পারায় অনিশ্চয়তা বাড়ছে।
ফুলছড়ি উপজেলার উড়িয়া ও কঞ্চিপাড়া ইউনিয়নের চরাঞ্চলে দেখা গেছে, মাঠজুড়ে কৃষকদের নিরলস ব্যস্ততা থাকলেও তাদের চোখেমুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। অনেক জমিতে একের পর এক গাছ মরে সাফ হয়ে যাচ্ছে।
রতনপুর এলাকার কৃষক হাবিল মিয়া জানান, পাঁচ বিঘা জমিতে মরিচ আবাদ করতে গিয়ে ইতিমধ্যে তিন লাখ টাকার বেশি খরচ হয়েছে। এর মধ্যে দুই বিঘা জমির মরিচ অচেনা রোগে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। একাধিকবার স্প্রে করেও ফসল রক্ষা করতে না পেরে তিনি বিপুল অংকের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
একই এলাকার চাষি রশিদুল ইসলাম জমি বন্ধক নিয়ে মরিচ চাষ করেছেন। একদিকে উচ্চ জমির ভাড়া ও সারের খরচ, অন্যদিকে রোগের চিকিৎসায় বারংবার ওষুধ স্প্রে করার খরচে তার উৎপাদন ব্যয় বহুগুণ বেড়ে গেছে। সঠিক সমাধান না পেলে চরাঞ্চলের মরিচ চাষিরা নিঃস্ব হয়ে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।


























