দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তা জোরদার করতে কৃষি খাতকে আরও শক্তিশালী করার তাগিদ দিয়েছেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরওয়ার। তিনি বলেন, কৃষকের উন্নয়ন ও স্বার্থ রক্ষা ছাড়া দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়। তাই উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বরিশাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
মজিবর রহমান সরওয়ার বলেন, জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান অনস্বীকার্য। কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে সঠিক সহায়তা পৌঁছানো গেলে ফলন বহুগুণ বাড়বে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান তাওহীদ। কৃষি পুনর্বাসন সহায়তা ও প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ১০টি ইউনিয়নের কৃষকদের মাঝে পর্যায়ক্রমে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হচ্ছে।


























