দিনভর নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত থাকার পর ক্লান্তি উপেক্ষা করে সন্ধ্যায়ই সচিবালয়ে দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে নিয়ম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিজের উপস্থিতি নিশ্চিত করেন এবং অবিলম্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক ফাইল সই ও দাপ্তরিক কাজে অংশ নেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সশস্ত্র বাহিনীর বিশেষ মহড়ায় অংশ নিতে সকাল সাড়ে ৮টায় বাসভবন থেকে রওনা হয়ে সকাল সাড় ১০টায় হেলিকপ্টারযোগে স্বর্ণদ্বীপের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে।
সেখানে তিন বাহিনীর যৌথ অংশগ্রহণে আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত সামরিক অনুশীলন প্রত্যক্ষ করেন তিনি। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সেনাপ্রধানকে পাশে বসিয়ে নিজেই একটি আর্মি টেকনিক্যাল ভেহিকল (সাঁজোয়া যান) চালান এবং মহড়ার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।
অনুষ্ঠানস্থলে তিনি দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন এবং তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করেন। বিশেষ এই যৌথ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।
মহড়া শেষ করে অপরাহ্ণে ঢাকায় ফেরার পরপরই সারাদিনের ব্যস্ততা ও শারীরিক ক্লান্তি উপেক্ষা করে প্রধানমন্ত্রী সরাসরি সচিবালয়ে তাঁর কার্যালয়ে উপস্থিত হয়ে সরকারি কাজ সম্পাদন করেন।





















