ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে দেশটির বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে চলমান পরোক্ষ কূটনৈতিক আলোচনায় দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় এমন কঠোর অবস্থানের কথা জানান তিনি।
ফক্স নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্প বলেছেন, ইরানিরা শুধু কথা বলতেই পছন্দ করে, কিন্তু টেবিলে কোনো কার্যকর ফলাফল আসে না। তার ভাষায়, ‘তারা কেবল কথাই বলে যায়।’
মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা কতটুকু কার্যকর, তা পরীক্ষা করতে ইরানের তেলবাহী জাহাজগুলো সমুদ্রের জলসীমায় এগিয়ে আসুক—এমনটাই তিনি প্রত্যাশা করেন। এ প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশটির তেল ট্যাংকারগুলোর পরিণতিও অতীতে ধ্বংস হওয়া ইরানি নৌবাহিনীর জাহাজের মতোই সাগরের তলদেশে হবে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কূটনীতির চেয়ে যুদ্ধকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ তুলেছেন নবনির্বাচিত সিনেটর আবদুল এল-সাইয়েদ। তার মতে, একটি কার্যকর প্রশাসন পরিচালনার চেয়ে সংঘাত বজায় রাখাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ট্রাম্প।
এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেটর আবদুল এল-সাইয়েদ বলেন, সরকারের কার্যক্রম স্থবির হয়ে পড়লে তার দায় ডেমোক্র্যাটদের ওপর চাপানো সম্পূর্ণ অযৌক্তিক। বরং ট্রাম্প নিজে একটি জনকল্যাণমুখী সরকারের পরিবর্তে সংঘাতের পথ বেছে নিয়েছেন।
সম্ভাব্য সরকারি অচলাবস্থার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করার যে প্রচেষ্টা চলছে, তা কঠোরভাবে প্রত্যাখ্যান করেন এই সিনেটর। তিনি বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে জ্বালানি ও নিত্যপণ্যের দাম সীমিত রাখা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সেনাসদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার চেয়ে যুদ্ধ পরিস্থিতি জিইয়ে রাখাকে প্রধান্য দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।
তিনি আরও উল্লেখ করেন, যুদ্ধের জন্য অর্থ বরাদ্দ এবং যুদ্ধ ঘোষণার মূল এখতিয়ার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের হাতে থাকলেও ট্রাম্প কার্যত সেই সাংবিধানিক ক্ষমতা নিজের কুক্ষিগত করে নিয়েছেন।

























