বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুর সদর উপজেলার পৃথক দুটি স্থানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের ওই অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ভবানীপুর ও নতুন বাজার এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা বেতন বাড়ানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মেম্বারবাড়ি এলাকার মহাসড়কে কয়েকটি শিল্পকারখানার শ্রমিকরা জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। একই সময়ে কাছাকাছি নতুন বাজার এলাকাতেও শ্রমিকরা সড়কে অবস্থান নেন। দুই জায়গায় একযোগে অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে কর্মস্থলগামী মানুষসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় পৌনে এক ঘণ্টা ধরে শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ চলছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থল ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছেন গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।






















