সন্ধ্যা নামলেই কাঁঠালিয়া উপজেলা সদরে জরুরি স্বাস্থ্যসেবা নিয়ে স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হয়। চিকিৎসকের অভাবে রাত ১০টার পর হঠাৎ কেউ অসুস্থ হলে রক্তচাপ মাপার মতো সাধারণ সেবা পাওয়ারও উপায় থাকে না। এমন বাস্তবতায় দিনরাত ২৪ ঘণ্টা প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে উপজেলাবাসীর অন্যতম ভরসায় পরিণত হয়েছেন ডিএমএফ চিকিৎসক ডা. সুজিত বৈদ্য।
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা সদরের বীর মুক্তিযোদ্ধা ফারুক সিকদার মার্কেটের চেম্বার থেকে তিনি নিয়মিত রোগী দেখছেন। পেশাগত দায়িত্বের বাইরে অসচ্ছল ও অসহায় মানুষের প্রতি সহানুভূতিশীল আচরণ এবং বিনামূল্যে সেবা দেওয়ায় স্থানীয়ভাবে তিনি ‘মানবিক চিকিৎসক’ হিসেবে পরিচিতি লাভ করেছেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর জরুরি প্রয়োজনে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়লেও সেই সময়ে ডা. সুজিত বৈদ্যকে ডাকলে তিনি সাড়া দেন। চিকিৎসাকাসেবাকে নিছক আয়ের মাধ্যম না ভেবে তিনি বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর ব্রত হিসেবে নিয়েছেন। আর্থিক সংকটের কারণে যেন কোনো দরিদ্র মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেদিকে তাঁর বিশেষ নজর থাকে।
নিয়মিত চেম্বার পরিচালনা ও মানবিক আচরণের মধ্য দিয়ে ডা. সুজিত বৈদ্য এলাকায় চিকিৎসাসেবায় একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
























