ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা তিন দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রার্থীরা আগামী ২৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন।
সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভর্তির আবেদন শেষ হওয়ার কথা ছিল ২৫ নভেম্বর। তবে তা বাড়িয়ে ২৮ নভেম্বর করা হয়েছে। উল্লেখ্য, গত ১১ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষার সংশোধিত ফলাফল প্রকাশিত হয়। এতে বহু শিক্ষার্থীর ফল পরিবর্তিত হয়েছে। নতুন এই ফলাফলের ভিত্তিতে যেসব শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের নতুন যোগ্যতা অর্জন করেছেন, তাদের আবেদনের সুযোগ নিশ্চিত করতেই সময়সীমা বাড়ানো হয়েছে।

























