ইতালির রোমে অনুষ্ঠিত বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) নির্বাহী বোর্ডের দ্বিতীয় নিয়মিত অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য নিয়মিত মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে। ১৬ থেকে ১৮ নভেম্বর অনুষ্ঠিত এই অধিবেশনে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ডব্লিউএফপিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রকিবুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়।
অধিবেশনে বাংলাদেশ আশ্রিত বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মানবিক পরিস্থিতি তুলে ধরে। বিশ্বব্যাপী ক্ষুধা ও খাদ্যনিরাপত্তাহীনতা মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ। এছাড়া জরুরি মানবিক সংকটে কার্যকর সাড়া প্রদানের লক্ষ্যে আন্তর্জাতিক উদ্যোগগুলো আরও জোরদার করার আহ্বান জানিয়েছে ঢাকা।


























