ইসরায়েলের তিন বছরেরও বেশি সময় ধরে চলা সামরিক অভিযানে গাজা উপত্যকা এখন এক ‘বিষাক্ত বর্জ্যভূমিতে’ পরিণত হয়েছে। বিষাক্ত পানি ও দূষিত মাটি ২৩ লাখ ফিলিস্তিনির অস্তিত্বের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে।
অক্সফাম এবং ‘কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরি’ (সিইওবিএস)-এর নতুন প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের ব্যাপক বিস্ফোরক ও দাহ্য অস্ত্রের ব্যবহারের ফলে গাজার ৯৯ শতাংশেরও বেশি এলাকা পরিবেশগতভাবে দূষিত হয়ে পড়েছে।
অক্সফামের আন্তর্জাতিক নির্বাহী পরিচালক অমিতাভ বিহার বলেন, “গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানের মধ্যে পরিবেশের ওপর ভয়াবহ হামলাও অন্তর্ভুক্ত। এগুলো এক ধরনের পরিবেশগত যুদ্ধাপরাধ, যা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জীবনকে বিপন্ন করে তুলেছে।”
তিনি আরও বলেন, “গাজার ধ্বংসযজ্ঞ মানুষের নিরাপত্তা ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পরিবেশগত অবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এটি আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকার আইনের অধীনে ইসরায়েলের আইনি বাধ্যবাধকতার স্পষ্ট লঙ্ঘন। গাজায় বসবাসরত ফিলিস্তিনিরা বাতাস, খাদ্য, পানি এবং দূষিত মাটি ও ধ্বংসাবশেষের সংস্পর্শে এসে বিষাক্ত পদার্থের শিকার হচ্ছেন।”
প্রতিবেদনটিতে দেখানো হয়েছে, ভবন ও পরিবেশ ধ্বংসের ফলে কীভাবে গাজা উপত্যকার বাতাস, মাটি, খাদ্য ও পানি দূষিত হয়েছে। এতে ফিলিস্তিনিদের জীবনের ঝুঁকি কমাতে একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এই হামলায় ৭৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৫ সালের অক্টোবরে তথাকথিত ‘যুদ্ধবিরতি’ স্বাক্ষরিত হওয়ার পরও দেড় হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের আন্তর্জাতিক তদন্ত কমিশন ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ আনে।


























