যুক্তরাষ্ট্রভিত্তিক দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস (এনওয়াইটি) এক প্রতিবেদনে জানিয়েছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা বর্তমান বাংলাদেশ সরকারকে অস্থিতিশীল করার লক্ষ্যে ধারাবাহিক সহিংস কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। পত্রিকাটি এসব ঘটনাকে ‘ছোট পরিসরে রাষ্ট্রবিরোধী তৎপরতা’ বলে অভিহিত করেছে।
রোববার হালনাগাদ করা ওই প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহ ধরে রাজনৈতিক সহিংসতায় বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠেছে। এ সময় হাসিনার সমর্থকেরা পুলিশের ওপর হামলা এবং ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীদের লক্ষ্য করে সহিংসতা চালায়। পুলিশের তথ্যমতে, এসব ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে বিএনপির তিনজন সদস্য ও একজন বাস সহকারী রয়েছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা গণপরিবহন, পুলিশ স্টেশন, হাসপাতাল এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। বিশেষ করে গোপালগঞ্জে বিক্ষোভকারীরা সরকারি সম্পত্তিতে হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হয়েছে।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে ব্যর্থ হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির হাসিনাকে ‘সন্ত্রাসী’ ও ‘পলাতক অপরাধী’ হিসেবে উল্লেখ করে তাকে দ্রুত বাংলাদেশে প্রত্যর্পণের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও সম্প্রতি হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে ভারতের সমালোচনা করে জানিয়েছেন যে, এসব বিক্ষোভের পেছনে ‘সীমান্তের ওপার’ থেকে নির্দেশনা আসছে।






















